প্রবাসে থাকা সন্তানদের কষ্টার্জিত টাকায় মাথা গোঁজার একটি পাকা বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা ময়না বেগম। স্বপ্নের বাস্তবায়নে বসতবাড়ির ভিতও দেওয়া হয়েছিল। কিন্তু মুহূর্তের ব্যবধানে সেই রঙিন স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ঘটে যাওয়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৭ জন বাংলাদেশি প্রবাসী। তাঁদের মধ্যে ময়না বেগমের দুই সন্তানসহ আত্রাই উপজেলার মোট ১০ জন বাসিন্দা রয়েছেন।
দুই ছেলেকে হারিয়ে মা ময়না বেগম ও তাঁর পরিবার এখন বাক্রুদ্ধ। যে সন্তানদের পাঠানো অর্থে একসময় নতুন ঘর গড়ে ওঠার কথা ছিল, আজ সেই ঘরের আঙিনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এখন আর পাকা ঘরের অপেক্ষা নয়, শেষবারের মতো প্রিয় দুই সন্তানের মুখখানা একনজর দেখতে ব্যাকুল মা ও স্বজনেরা কেবল মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন।
শোকে বিহ্বল স্বজনেরা প্রবাসে জীবন হারানো এসব মানুষের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের মরদেহ দ্রুত দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সার্বিক আর্থিক সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে।










