হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি গাড়ি থেকে প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গতকাল সোমবার বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যান এর চালক শামীম মিয়া।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলচত্বর এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। চালক পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গাড়িটিতে তল্লাশি চালান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত উদ্ধার করা হয়। কাস্টমস হাউসের পরীক্ষণে উদ্ধার করা সোনা ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। এর মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম বা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
জব্দ করা গাড়িটিতে আরও তল্লাশি চালিয়ে তিনটি মুঠোফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা বিস্তারিত খতিয়ে দেখছেন কাস্টমস গোয়েন্দারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











