সর্বশেষ

মুখোশ পড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ১

88Web Popup (3)

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা নগদ টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে নয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে আল-আমিন (৩২) নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী প্রবাসী ফয়সাল আহমেদ জানান, শনিবার মধ্যরাতে একদল মুখোশধারী ডাকাত বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত দল নগদ দেড় লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার, ১৭০টি সৌদি রিয়াল এবং তিনটি দামি স্মার্টফোন (একটি আইফোনসহ) লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে এই ডাকাতিতে তাঁর প্রায় সাড়ে নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এই প্রবাসী।

ডাকাতি চলাকালে একপর্যায়ে এক ডাকাতের মুখ থেকে মুখোশ খসে পড়লে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাঁকে চিনে ফেলেন। ওই যুবকের নাম আল-আমিন। তিনি পরচঙ্গা গ্রামেরই আলী মিয়ার ছেলে। খবর পেয়ে চান্দিনা থানা-পুলিশ রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তল্লাশি অভিযান শুরু করে। পরে ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরের মধ্যেই নিজ গ্রাম থেকে অভিযুক্ত আল-আমিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ভুক্তভোগী পরিবারের শনাক্ত করা তথ্যের ভিত্তিতে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুরো চক্রটিকে ধরতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আসামির রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup