Long Popup (2)
সর্বশেষ

বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার

Expatriate youth arrested with foreign pistols and bulletsProbashircityWebPopupUpdate

নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ শিকদার লিমন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রোববার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তারকৃত শিকদার লিমন উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর মালয়েশিয়ায় অবস্থান করতেন বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান।

পুলিশ জানায়, শিকদার লিমন ও তার ভাই শিকদার রিয়াজ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে শিকদার রিয়াজ পালিয়ে গেলেও লিমনকে আটক করা সম্ভব হয়।

তল্লাশি চালিয়ে বাড়ির বেসিনের পেছন থেকে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটারের পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ এবং বাড়ির বিভিন্ন স্থান থেকে একাধিক দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানে লিমনের ব্যবহৃত বৈধ ভিসাসহ তিনটি পাসপোর্টও উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত বিষয়ে নিয়মিত মামলায় শিকদার লিমনকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate