সর্বশেষ

যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

DedProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ক্লাভেরাক এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন প্রবাসী বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে রুট ৯এইচ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক বছর বয়সী এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত তিন বাংলাদেশি হলেন—গাড়ির চালক নজমুল রুবেল (২৯), মোহাম্মদ হেরামন (৬০) ও ফাহিম হালিম (২৫)।

কলাম্বিয়া কাউন্টি শেরিফ দপ্তরের তথ্য অনুযায়ী, নজমুল রুবেলের চালানো একটি টয়োটা প্রিয়াস গাড়ি উত্তর দিকে যাচ্ছিল। ভ্যান ওয়াইক লেন সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের বিভাজনরেখা অতিক্রম করে ফেলে। ঠিক ওই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা আরেকটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে এর সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চালক নজমুলসহ তাঁর গাড়িতে থাকা হেরামন ও ফাহিম প্রাণ হারান। অন্য গাড়িতে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচি নামের এক নারীও ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের মধ্যে ফাতিমা আক্তার (৩৩) নামের এক নারীকে গুরুতর অবস্থায় আলবেনি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। একই গাড়িতে থাকা এক বছর বয়সী এক কন্যাশিশুকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে ক্রাউন গাড়ির চালক লুকা পালভেনিয়ানকে (২৪) প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে একাধিক ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনার কারণে ওই সড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

কী কারণে নজমুলের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে গেল, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শেরিফ দপ্তরের ক্র্যাশ ইনভেস্টিগেশন টিম। শেরিফ জ্যাকি সালভাতোরে দুর্ঘটনাটিকে অত্যন্ত ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। এদিকে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় একটি মসজিদে নিহতদের জানাজা শেষে তাঁদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate