সর্বশেষ

লিবিয়ায় আটক বাংলাদেশিদের ফেরাতে সাহায্য চাইলেন রাষ্ট্রদূত

Ambassador seeks help in repatriating bangladeshis detained in libyaProbashir city Popup 19 03

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল ওয়াহেদ আব্দুল সামাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। স্থানীয় সময় রোববার (২৫ মে) লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, বিশেষ করে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক, তাদের জন্য পাসপোর্ট ও ট্রাভেল পারমিট (আউটপাস) প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দূতাবাসের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর জন্য নতুন পাসপোর্ট ও আউটপাস ইস্যুতে দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টার কথা জানান। সেই সঙ্গে খুরুজ (বহির্গমন ছাড়পত্র) পেতে যেসব জটিলতা রয়েছে, তা দূর করতে লিবিয়ার প্রশাসনের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত জানান, আইওএম বা ব্যক্তিগত উদ্যোগে দেশে ফেরার আগ্রহ থাকা অনেক বাংলাদেশি অভিবাসী এ প্রক্রিয়ায় সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এছাড়া লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দ্রুত পরিদর্শনের সুযোগ করে দেওয়া ও তাদের দেশে পাঠাতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের অনুরোধ করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে ত্রিপলির বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আবু সেলিম এলাকায় বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

জবাবে মহাপরিচালক আশ্বাস দেন, স্বেচ্ছা প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় প্রশাসনিক ও লজিস্টিক প্রতিবন্ধকতা দূর করতে তারা কার্যকরভাবে কাজ করছেন। তিনি নতুন পাসপোর্ট ও আউটপাস বহনকারী অভিবাসীদের জন্য খুরুজ প্রদানের প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন। উভয়পক্ষ ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বৈঠক শেষ করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03