ইউরোপে পাড়ি জমিয়ে ভাগ্যবদলের আশায় ভূমধ্যসাগরে ভাসছিলেন ৬৫ বাংলাদেশি। ধারণক্ষমতার দ্বিগুণের বেশি যাত্রী নিয়ে রাবারের নৌকাটির জ্বালানি ফুরিয়ে গেলে শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই। উত্তাল সাগরে ২৪ ঘণ্টা ভাসতে থাকা ফুটো নৌকাটি যখন ডুবতে বসেছিল, ঠিক তখনই ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের প্রাণে রক্ষা করে। এরপর তাদের উদ্ধার করে মিশরের দামিয়াত বন্দরে নিয়ে আসা হয়। বর্তমানে এই বাংলাদেশিরা দামিয়াত কারাগারে বন্দি রয়েছেন বলে কায়রোর বাংলাদেশ দূতাবাস সোমবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।
দূতাবাসের তথ্যমতে, গত ৮ অক্টোবর ৬৫ বাংলাদেশিসহ মোট ৬৯ জন অভিবাসী গ্রিসের উদ্দেশে ঝুঁকিপূর্ণ এই সাগরযাত্রা শুরু করেন। বাকি চারজন ছিলেন দক্ষিণ সুদানের নাগরিক। আটক বাংলাদেশিরা জানিয়েছেন, দালাল চক্র ইউরোপের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় দীর্ঘদিন অমানবিক পরিবেশে আটকে রাখার পর মাত্র ৩০ জনের ধারণক্ষমতাসম্পন্ন একটি ছোট রাবারের নৌকায় তাদের গাদাগাদি করে তুলে দেয়। উন্নত জীবনের আশায় ভিটেমাটি বিক্রি করে দালালদের হাতে বিপুল অর্থ তুলে দেওয়া এই মানুষগুলোর স্বপ্ন ১১ অক্টোবর নৌকার জ্বালানি ফুরিয়ে গেলে চরম অনিশ্চয়তায় পড়ে।
গত ৫ নভেম্বর দামিয়াত কারাগার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন দূতাবাসের শ্রম সচিব। সেখানে তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্বজনদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের ব্যবস্থা করা হয়। বন্দিদের দ্রুত দেশে ফেরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় বিমান টিকিটের ব্যবস্থা করাসহ মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে দূতাবাস। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে এমন অবৈধ পথে ইউরোপযাত্রা থেকে বিরত থাকতে সবার প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।










