মিশরে শেষ হচ্ছে গ্রীষ্মকালীন সময় বা ডে-লাইট সেভিং টাইম। এর ফলে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। অর্থাৎ রাত ১২টার পরিবর্তে ঘড়িতে বাজবে রাত ১১টা। এর মাধ্যমে দেশটিতে তিন ঘণ্টার (জিএমটি+৩) বদলে পুনরায় দুই ঘণ্টার ব্যবধান বা শীতকালীন সময় (জিএমটি+২) চালু হচ্ছে।
জ্বালানি সাশ্রয় ও বিদ্যুতের ব্যবহার কমানোর লক্ষ্যে এক দশক পর ২০২৩ সালের এপ্রিলে এই নিয়ম পুনরায় চালু করে মিশর সরকার। নতুন আইন অনুযায়ী, দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রতি বছর এপ্রিলের শেষ শুক্রবার থেকে অক্টোবরের শেষ বৃহস্পতিবার পর্যন্ত এই গ্রীষ্মকালীন সময় কার্যকর থাকে।
ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে যাওয়ার কারণে মিশরের সাথে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। বিশেষ করে মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, আন্তর্জাতিক ফ্লাইট, অফিস ও অনলাইন বৈঠকের সময়সূচি মেলাতে সবাইকে নতুন এই সময়ের ব্যবধানটি সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে।










