ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ২৫০ ফিলিস্তিনি যুগল। সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে শুক্রবার গাজা সিটির উপকূলে ‘ড্রেস অব জয় ৩’ নামের এই গণবিবাহের আয়োজন করা হয়। যুদ্ধবিধ্বস্ত জীবনে এই আয়োজন যেন নবদম্পতি ও তাদের পরিবারের জন্য একপশলা শান্তির বৃষ্টি নিয়ে এসেছে।
ফিলিস্তিনি পতাকা ও ফুলে সাজানো গাড়িবহর নিয়ে বর-কনেরা যখন বিয়ের আসরে পৌঁছান, তখন রাস্তার দুই পাশে ছিল কেবলই ধ্বংসপ্রাপ্ত ভবন আর বাস্তুচ্যুত মানুষের সারি সারি তাঁবু। বিয়ের আসরে বরেরা স্যুট এবং কনেরা ঐতিহ্যবাহী নকশার সাদা পোশাক ও অলংকারে সেজেছিলেন। মূলত চরম আর্থিক সংকট ও যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব তরুণ-তরুণী বিয়ে করতে পারছিলেন না, তাদের সহায়তা করতেই ইউএইর একটি মানবিক সংগঠন লটারির মাধ্যমে এই ২৫০ যুগলকে বেছে নেয়।
তবে বিয়ের এই আনন্দঘন মুহূর্তের আড়ালে লুকিয়ে ছিল এক কঠিন বাস্তবতা। সাঈদ আল-নাজ্জার নামের এক বর জানান, বাড়িঘর ধ্বংস হওয়ায় সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে তাকে এখন তাঁবুতেই সংসার পাততে হবে। আরেক বর মুনির আল-তাতারি যুদ্ধে মা ও স্বজনদের হারিয়েছেন। তবুও বুকভরা আশা নিয়ে তিনি বলেন, ‘অবরোধ আর যুদ্ধের মাঝেও উৎসব করব, হৃদয়ে আশার প্রদীপ জ্বালাব।’ মৃত্যুপুরী গাজায় এই গণবিবাহ যেন ধ্বংসের বিপরীতে জীবনের এক অদম্য জয়গান।











