ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আসরে ‘খদরে’ বা বিশেষ বড় থালায় খাসির মাংস পরিবেশন না করার জেরে এক জাপানপ্রবাসী বর ক্ষোভে বিয়ে না করেই ফিরে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। বিয়ের দিন কনের বাড়িতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। কিন্তু শুরুতেই ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন তিনি। এরপর গেটের আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত স্থানে বসানো হয়। অন্যান্য অতিথিদের খাওয়া-দাওয়া শেষে বরের জন্য বিশেষ আয়োজন ‘খদরে’ খাবার পরিবেশন করা হলে বিপত্তি বাধে। সেখানে খাসির মাংস না দেখে জুনায়েদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং খাসি ছাড়া খাবার গ্রহণ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সাফ অস্বীকৃতি জানান। কনেপক্ষের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করলেও তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন এবং একপর্যায়ে বিয়ে না করেই আসর ছেড়ে চলে যান।
কনের বাবা শফিক মিয়া হতাশা প্রকাশ করে জানান যে, আগে থেকে তাকে এমন কোনো চাহিদার কথা জানানো হয়নি; জানালে তিনি অবশ্যই খাসির ব্যবস্থা করতেন। স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি বরের আচরণকে কিছুটা অস্বাভাবিক বলে মন্তব্য করে জানান যে, অনেক চেষ্টা সত্ত্বেও তাকে খাসি ছাড়া বিয়ে করতে রাজি করানো যায়নি।

![]jhgj](https://probashtime.net/wp-content/uploads/2026/08/jhgj.webp)








