সংসারের অভাব মেটাতে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন যশোরের সদর উপজেলার সিলিমপুর গ্রামের সাগর হোসাইন (৩৮)। কিন্তু ১৫ বছরের প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফিরলেন কফিনবন্দী হয়ে। গত শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
পরিবারের উদ্যোগে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে বুধবার রাত ১০টার দিকে সাগরের মরদেহ দেশে আনা হয়। এরপর বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
২০০৭ সালে প্রথম মালয়েশিয়া যান সাগর। মাঝে দেশে ফিরে ৫ বছর পর ২০২৩ সালে আবারও সেখানে যান। তিন বছর আগে বাবাকে হারানো সাগরের মৃত্যুতে পরিবারে এখন শুধুই আহাজারি। স্ত্রী এবং আট ও তিন বছর বয়সী দুই শিশুসন্তানকে রেখে গেছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন চরম দিশেহারা তার স্বজনেরা।









