চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি (১ হাজার ৪৮২ গ্রাম) অবৈধ স্বর্ণালংকারসহ মো. শরীফ নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এসব স্বর্ণের মূল্য শুল্ক-করসহ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। রোববার (২৫ অক্টোবর) দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে তাকে আটক করে কাস্টমস ও গোয়েন্দা কর্তৃপক্ষ।
জানা গেছে, আটক শরীফ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র একজন মুয়াল্লিম হিসেবে কাজ করেন। জেদ্দা থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর ব্যাগেজ বেল্ট এলাকায় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সদস্যরা তাকে নজরদারিতে রাখেন। পরে তার হ্যান্ডব্যাগ ও পরিহিত পোশাকে তল্লাশি চালিয়ে চুড়ি আকৃতির বিপুল পরিমাণ এই স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলো আনুষ্ঠানিকভাবে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে বিপুল পরিমাণ এই স্বর্ণ আনার অভিযোগে শরীফের বিরুদ্ধে শুল্ক আইনে চোরাচালান মামলা দায়ের শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।










