সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁ ও নাটোরের ৭ যুবকের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে পৌঁছাবে। সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো আসার কথা রয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সৌদি দূতাবাসের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়। এর মধ্যে ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে এলেও বাকি ৭ জনের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করতে হয়। দীর্ঘ আড়াই মাস পর পরিচয় নিশ্চিত হওয়ার পর সমস্ত আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হচ্ছে তাদের মরদেহ। নিহতদের মধ্যে নওগাঁর পাঁচজন এবং নাটোরের দুজন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মরদেহগুলো অনেক পুরোনো হওয়ায় বড় করে কোনো সম্মিলিত জানাজার ব্যবস্থা থাকছে না। বিমানবন্দর থেকে সরাসরি নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পারিবারিকভাবেই দাফন সম্পন্ন হবে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের নিথর দেহটুকু অন্তত শেষবারের মতো দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন শোকসন্তপ্ত স্বজনেরা।








