ওমানের বাউশার প্রদেশে দুটি আবাসিক ভিলায় অভিযান চালিয়ে একটি বিশাল নকল মদের কারখানার সন্ধান পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ওমান কাস্টমসের তথ্য অনুযায়ী, আবাসিক ওই ভিলাগুলোকে মূলত নকল মদ তৈরি এবং জাল ট্যাক্স লেবেল তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত এশীয় প্রবাসী শ্রমিকদের গ্রেপ্তার করেছে প্রশাসন।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বড় বড় প্লাস্টিকের ড্রামে কেমিক্যাল মিশিয়ে নকল মদ তৈরি করছে। এরপর সেগুলো জেমসন বা ইম্পেরিয়াল ব্লু-এর মতো নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের বোতলে ভরে মেশিনের সাহায্যে মুখ বন্ধ করা হচ্ছে। ক্রেতাদের বোকা বানাতে তারা বোতলের গায়ে নকল ট্যাক্স লেবেল বা স্টিকারও নিখুঁতভাবে বসিয়ে দিচ্ছিল।
ওমানে প্রবাসীদের এমন অপরাধে জড়ানোর ঘটনা এটিই প্রথম নয়; এর আগেও এমন বেশ কিছু চক্র আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। আইন অনুযায়ী, লাইসেন্স ছাড়া মদ তৈরি বা বিক্রি একটি বড় ধরনের ফৌজদারি অপরাধ। এসব অপরাধে জড়িত প্রমাণিত হলে প্রবাসীদের দীর্ঘমেয়াদি জেল, বড় অঙ্কের জরিমানা এবং শাস্তি শেষে আজীবনের জন্য দেশে বিতাড়িত করার বিধান রয়েছে।










