Long Popup (2)
সর্বশেষ

ওমানে বিয়ের জন্য মেডিকেল টেস্টের হিড়িক

Oman makes health check ups mandatory before marriage copyProbashircityWebPopupUpdate

ওমানে বিয়ের আগে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। চলতি বছরের প্রথম চার মাসেই প্রবাসীসহ ১৭ হাজার ১৮৯ জন নারী-পুরুষ এই স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, যা গত বছর অর্থাৎ ২০২৫ সালের সারা বছরের মোট পরীক্ষার্থীর প্রায় সমান। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ওমানি নাগরিকদের জন্য বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করে ডিক্রি জারির পরই এই কার্যক্রমে এমন গতি এসেছে।

ক্রমবর্ধমান এই বিপুল চাহিদা মেটাতে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের বেশির ভাগ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই সেবার পরিধি বাড়িয়েছে। এর পাশাপাশি চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে ২০টির বেশি বেসরকারি চিকিৎসাকেন্দ্রকেও এই পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা করানো ব্যক্তিদের মধ্যে ৯৩ শতাংশ ওমানি নাগরিক এবং বাকি ৭ শতাংশ প্রবাসী।

বিয়ের আইনি আনুষ্ঠানিকতা আরও সহজ ও দ্রুত করতে ‘তাওয়াফুক’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যা সরাসরি নোটারি পাবলিক সিস্টেমের সঙ্গে যুক্ত। এছাড়া গত বছর শুরু হওয়া ‘মেক ইওর স্টার্ট রাইট’ শীর্ষক দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণাও এই কর্মসূচির সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

বিয়ের আগের এই স্বাস্থ্য পরীক্ষার মূল লক্ষ্য হলো পরবর্তী প্রজন্মে জিনগত ও সংক্রামক রোগের বিস্তার রোধ করা। এর মাধ্যমে মূলত সিকেল সেল ও থ্যালাসেমিয়ার মতো বংশগত রক্তের রোগ শনাক্ত করা হয়। চিকিৎসকেরা বলছেন, হবু স্বামী-স্ত্রী উভয়েই যদি জিনগতভাবে কোনো রোগের বাহক হন, তবে তাঁদের অনাগত সন্তানের সেই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৫ শতাংশ থাকে। তাই বিয়ের আগেই এমন স্বাস্থ্য পরীক্ষা স্বামী-স্ত্রীকে ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে সচেতন ও বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate