ওমানের সালালাহর পশ্চিমে আফতালকুত এলাকার পাথুরে উপকূল। একদিকে সুবিশাল পাহাড়, অন্যদিকে আরব সাগরের উত্তাল জলরাশি। ঠিক মাঝে একেবারে স্থির দাঁড়িয়ে আছে বিশাল আকারের এক দৈত্যাকার জলযান। দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো ভুতুড়ে বা রহস্যময় জাহাজ এটি।
দীর্ঘ আট বছর ধরে ঠিক একই জায়গায় আটকে আছে জাহাজটি। অনেকের মনেই স্বভাবত প্রশ্ন জাগে, এই রহস্যময় জাহাজের আসল গল্পটি আসলে কী? খোঁজ নিয়ে জানা যায়, ‘জারনাস’ নামের এই বিশাল জাহাজটি মূলত বাহরাইনের একটি পণ্যবাহী জলযান। ২০১৮ সালে ওমান উপকূলে আঘাত হেনেছিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘মেকুনু’। সেই প্রবল ঝড়ের সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি এই পাথুরে উপকূলে আছড়ে পড়েছিল। এরপর থেকে একে আর সাগরে ফেরানো সম্ভব হয়নি।
সময়ের পরিক্রমায় একসময়ের সেই ভয়ংকর সামুদ্রিক দুর্ঘটনার সাক্ষী এই পরিত্যক্ত জাহাজটিই এখন ওমানের অন্যতম জনপ্রিয় এক পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে ধোফারের শরৎকালে এই রহস্যময় জাহাজের টানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক ও দর্শনার্থী। তবে দুর্গম এই এলাকায় যেতে হলে ফোর-হুইল-ড্রাইভ বা ফোর-বাই-ফোর গাড়ি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। গাড়ি থেকে নেমে কিছুটা পথ পায়ে হাঁটলেই দেখা মেলে প্রকৃতির কোলে আটকে থাকা বিস্ময়কর এই রহস্যময় জাহাজের।










