সৌদিতে কোনো আগামা ঘোষণা ছাড়াই আকস্মিক বাসায় ঢুকে এভাবেই প্রবাসীদের ধরেছে পুলিশ। কেউ কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে তাদের ঘিরে ফেলা হয়। হজকে কেন্দ্র করে মক্কায় জালিয়াত চক্রের বিরুদ্ধে ঠিক এভাবেই কঠোর অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। জাল ইকামা , নুসুক কার্ড ও হজের ব্রেসলেট তৈরির অভিযোগে এই অভিযানে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ১৮ জন প্রবাসীকে।

ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে পুলিশের একটি বিশেষ দল একটি আবাসিক ভবনে আকস্মিক হানা দেয়। দ্রুতগতিতে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি চালান তাঁরা। এ সময় বিপুল পরিমাণ জাল নুসুক কার্ড, হজের ব্রেসলেট ও এসব তৈরির সরঞ্জামসহ চক্রের সদস্যদের আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ঝটিকা অভিযানে আক্ষরিক অর্থেই দিশাহারা হয়ে পড়েন সেখানে থাকা ওই প্রবাসীরা।
আরও


প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই ১৮ প্রবাসী মূলত আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। তাঁরা সংঘবদ্ধভাবে একটি চক্র গড়ে তুলেছিলেন, যাদের মূল কাজই ছিল অবৈধভাবে হজের ভুয়া অনুমতিপত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম তৈরি করে সাধারণ হাজিদের সঙ্গে প্রতারণা করা। ‘অনুমতি ছাড়া হজ নয়’—সৌদি সরকারের এই কড়া সতর্কবার্তার অংশ হিসেবেই মক্কা ও এর আশপাশের অঞ্চলে এখন এমন চিরুনি অভিযান চলছে। অবৈধ পথে বা ভুয়া কাগজপত্রের মাধ্যমে হজ পালনের যেকোনো অপচেষ্টা রুখে দিতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে মাঠে নেমেছে প্রশাসন।











