Opens in a new tab
সর্বশেষ

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

1794287461 8df7b73a7820f4aef47864f2a6c5fccfWeb Popup (3)

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির বন্দরনগরীর আলিয়াগা এলাকায় একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। সোমবার দুপুরের দিকে হাবাস ডেমির সেলিক নামের ওই কারখানায় ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। দেশটির অন্যতম প্রধান এই ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানে রক্ষণাবেক্ষণের সময় ক্রেন ভেঙে চুল্লির ওপর পড়লে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে (চুল্লি) নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এ সময় একটি ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর সময় সেটি ভেঙে পড়ে এবং এর সরঞ্জাম নিচে থাকা চুল্লির মধ্যে পড়ে গেলে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে, যা প্রাথমিকভাবে ভূমিকম্প বলে মনে হয়েছিল। ঘটনার পর কারখানার ভেতরে বড় ধরনের আগুন ও আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে ১৬ জনের নিহতের কথা জানালেও পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু গুরুতর আহত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করায় নিহতের সংখ্যা ১৭-তে পৌঁছায়। মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এই ঘটনায় অবহেলার অভিযোগে এরই মধ্যে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের মতে, তুরস্কে কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব ও দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই একটি বড় সংকট। সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)