মালয়েশিয়ায় সাজা শেষে নিজ দেশে ফিরলেন ১১১ জন প্রবাসী। নভেম্বরের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের এসব অভিবাসীকে ফেরত পাঠানো হয়। ফেরত যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি—৪৯ জন—বাংলাদেশি নাগরিক।
জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি নোটিশে এই তথ্য নিশ্চিত করেছে। নোটিশে জানানো হয়, ফেরত পাঠানোদের মধ্যে ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১২, পাকিস্তানের ৯, কম্বোডিয়ার ৪, ভারতের ৪, চীনের ৩ এবং লাওস, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের ২ জন করে রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার পর প্রবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর–১ ও ২ (KLIA-1 ও KLIA-2), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
আরও
মালয়েশিয়া সরকার সম্প্রতি অবৈধ অবস্থান, ওভারস্টে এবং বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। নিয়ম ভাঙার অভিযোগে দণ্ডপ্রাপ্ত এবং নির্ধারিত সাজা ভোগ শেষে বিদেশিদের নিজ দেশে প্রত্যাবাসনের কার্যক্রম নিয়মিতভাবে চলছে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, অভিবাসীদের মধ্যে সঠিক ডকুমেন্টেশনের অভাব, চুক্তিভঙ্গ এবং বিভিন্ন আইন লঙ্ঘনের ঘটনা বৃদ্ধির কারণে মালয়েশিয়ার কঠোর নজরদারি অব্যাহত থাকবে। প্রবাসীদের নিয়ম মেনে চলার পাশাপাশি বৈধ কাগজপত্র হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।












