বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় এবং তা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়। প্রস্তাবটির পক্ষে ১৩৩টি দেশ ভোট দিলেও বিপক্ষে অবস্থান নিয়েছে ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ এই ভোটদান প্রক্রিয়া থেকে নিজেদের বিরত রাখে।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ভারত, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, মিসর, কাতার ও মালদ্বীপ। সাধারণ পরিষদে গৃহীত এই প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণ বিলুপ্ত করা এবং যেসব দেশ ইতিমধ্যে এটি বাতিল করেছে, তাদের পুনরায় তা চালু না করার অনুরোধ করা হয়েছে। তবে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিকেও এই প্রস্তাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
আরও
প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড সীমিত করার প্রবণতা থাকলেও গত ২০২৫ সালে তা কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই ১৮ বছরের কম বয়সী অপরাধী, গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড ব্যবহার না করতে বা সীমিত করতে জাতিসংঘের পক্ষ থেকে জোরালো আহ্বান জানানো হয়েছে। এছাড়া বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বাতিল এবং যেসব অপরাধে এই শাস্তি দেওয়া হয়, তার পরিধি কমানোর কথাও বলা হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এ ধরনের প্রস্তাব মূলত সদস্য দেশগুলোর প্রতি একটি আন্তর্জাতিক আহ্বান বা সুপারিশ হিসেবে বিবেচিত হয়। এটি আইনগতভাবে বা স্বয়ংক্রিয়ভাবে কোনো দেশের প্রচলিত মৃত্যুদণ্ডের আইন বাতিল করে না। (সূত্র: পিটিআই, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস)ভ










