Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

1794652865 cf4a054559aa7dbf7a21d1b0d7ed426aWeb Popup (3)

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের (১৮তম) বার্ষিক সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে। তাঁর পাশাপাশি এই তালিকায় বাংলাদেশ থেকে আরও স্থান পেয়েছেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

প্রকাশনাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবনে থেকেই দলের নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে এবং দীর্ঘ বিরতির পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।

তারেক রহমান ছাড়াও তালিকার ‘সামাজিক বিষয়াবলি’ (সোশ্যাল ইস্যুজ) বিভাগে স্থান পেয়েছেন বাংলাদেশের দুই বিশিষ্ট নারী। তাঁদের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন নারী অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য নিয়মিতভাবেই এই তালিকায় স্থান পেয়ে আসছেন। অন্যদিকে, আইনজীবী রাজিয়া সুলতানা রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী-শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের স্বীকৃতিস্বরূপ এই তালিকায় যুক্ত হয়েছেন।

আরআইএসএসসি-এর নিয়ম অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে কেবল শীর্ষ ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র‍্যাংকিং করা হয়। বাকি ৪৫০ জনকে র‍্যাংকিং ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, বিজ্ঞানসহ ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাংকিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

উল্লেখ্য, আগের বছর অর্থাৎ ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম স্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম রাখা হয়নি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)