ক্রমবর্ধমান ঋণের বোঝা ও নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা হয়ে পড়েছেন ইরানের শ্রমজীবী মানুষ। সংসারের খরচ মেটাতে এবং পাহাড়সম ঋণ পরিশোধ করতে বাধ্য হয়ে নিজেদের কিডনি, যকৃতের টিস্যু, এমনকি অস্থিমজ্জা বিক্রির পথে হাঁটছেন অনেকেই। তেহরানের বিভিন্ন সড়কের দেওয়াল ও ভবনের দরজায় এখন শোভা পাচ্ছে নিজেদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির এমন করুণ বিজ্ঞাপন।
ইরানের শ্রমবিষয়ক সংবাদ সংস্থা আইএলএনএর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে দেশটির নাগরিকদের এই চরম দুর্দশার চিত্র। তেহরানের ফারহাং হোসেইনি স্ট্রিট এলাকাটি এখন লোকমুখে ‘কিডনি স্ট্রিট’ নামে পরিচিতি পেয়েছে। সাদরা হাসপাতালের এক কর্মীর মতে, সেখানে একটি কিডনি সাধারণত ৩০ থেকে ৪০ বিলিয়ন রিয়ালে (১১ হাজার ৫০০ থেকে ১৫ হাজার ৩০০ ডলার) বিক্রি হচ্ছে। ৩৩ বছর বয়সী এক নির্মাণশ্রমিক ঋণ মেটাতে অস্থিমজ্জার পাশাপাশি নিজের কিডনি ও যকৃতের টিস্যুও বিক্রি করতে চান। আরেকজন তো মরিয়া হয়ে অণ্ডকোষ বিক্রিরও বিজ্ঞাপন দিয়েছেন।
দেশটির সংসদীয় সামাজিকবিষয়ক কমিটির চেয়ারম্যান আলি বাবাই কারনামি জানিয়েছেন, বর্তমানে ইরানের প্রায় ৮০ লাখ মানুষ চরম দারিদ্র্য ও অপুষ্টির শিকার। আরও প্রায় পাঁচ কোটি মানুষ খাবার কেনার সামর্থ্য হারানোর চরম ঝুঁকিতে রয়েছেন। যেখানে একটি পরিবারের ন্যূনতম মৌলিক চাহিদা মেটাতে মাসে প্রায় এক বিলিয়ন রিয়াল প্রয়োজন, সেখানে সাধারণ শ্রমিকরা আয় করছেন মাত্র ২০০ থেকে ৩০০ মিলিয়ন রিয়াল। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অভাবের তাড়নায় এমন অঙ্গ বিক্রি সাময়িক স্বস্তি দিলেও ভবিষ্যতে এটি তাদের শারীরিক সক্ষমতা ও জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলবে। (সূত্র: ইরান ইন্টারন্যাশনাল)










