যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা আবেদনের ক্ষেত্রে দালাল বা তৃতীয় পক্ষের শরণাপন্ন না হওয়ার পাশাপাশি অতিরিক্ত অর্থ প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভিসাপ্রত্যাশীদের এই পরামর্শ দেওয়া হয়।

মার্কিন দূতাবাসের ওই পোস্টে বলা হয়, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার চূড়ান্ত দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই ভিসার সাক্ষাৎকারের (ইন্টারভিউ) অ্যাপয়েন্টমেন্ট আবেদনকারীকে নিজেই নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে নিজে না পারলে পরিবারের কোনো বিশ্বস্ত সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু কোনোভাবেই যেন তৃতীয় পক্ষের সেবা নিয়ে আবেদনকারীরা প্রতারণার শিকার না হন বা তাঁদের অতিরিক্ত অর্থ ব্যয় না হয়, সে বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।
আরও
এর আগে ভিজিটর ভিসা নিয়ে দেওয়া অপর এক বার্তায় মার্কিন দূতাবাস জানিয়েছিল, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার সব নিয়ম সঠিকভাবে মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার অফিসার নিশ্চিত না হলে তিনি ভিসার আবেদনটি প্রত্যাখ্যান করতে পারেন। তাই ভিসা পাওয়ার পর এর সঠিক ব্যবহার নিশ্চিত করার মূল দায়িত্বও আবেদনকারীর ওপরই বর্তায় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।










