Opens in a new tab
সর্বশেষ

ইরানের বিরুদ্ধে আর যুদ্ধে না জড়াতে অনুরোধ জানিয়েছে সৌদি: ট্রাম্প

1793323262 c9130450d10077898276Web Popup (3)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, সৌদি আরব বর্তমানে ‘ভেঙে পড়ছে’। এ কারণে রিয়াদ খোদ ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যেন নতুন করে আর কোনো সামরিক অভিযান জোরদার করা না হয়। সম্প্রতি স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকে নিয়ে ট্রাম্পের এমন প্রকাশ্য মন্তব্য রিয়াদের জন্য বেশ বিব্রতকর।

ওই সাক্ষাৎকারে ট্রাম্প দম্ভভরে বলেন, তিনি চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তাঁর দাবি, ‘ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে এক দিন, সেতুগুলো গুঁড়িয়ে দিতে আরেক দিন এবং উৎপাদন সক্ষমতা নিশ্চিহ্ন করতে আমার তৃতীয় দিন লাগত।’ তবে তিনি জানান, সৌদি আরবসহ কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলো তাঁকে আপাতত সামরিক অভিযান না বাড়ানোর অনুরোধ করেছে। ট্রাম্পের ভাষ্যমতে, ‘সৌদি আরব আমাকে বলেছে—পরিস্থিতি এখন যেমন আছে, আপাতত তেমনই থাকতে দিন। কারণ, তারা ভেঙে পড়ছে।’

উপসাগরীয় দেশগুলোর ওপর নিজের প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, এসব দেশ নিজেদের নিরাপত্তার পাশাপাশি যুক্তরাষ্ট্রে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ বিনিয়োগ করেছে। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের ব্যক্তিগত সুসম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প মনে করিয়ে দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল রিয়াদ।

বিশ্লেষকদের মতে, গত গ্রীষ্মে ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হুতিদের হামলার চরম ঝুঁকিতে পড়েছে রিয়াদ। হুতিদের টানা হামলায় সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার ভিশন নিয়ে কাজ করলেও চলমান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ অনেক বিনিয়োগ সম্মেলন বাধ্য হয়ে বাতিল করতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে। এছাড়া জ্বালানি সরবরাহ ও রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আপাতত নতুন করে পূর্ণমাত্রার সামরিক অভিযানের কোনো পরিকল্পনা তাদের নেই। এর বদলে হরমুজ প্রণালি অবরোধ করে ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হরমুজ প্রণালি দিয়ে ইরানের তেল পরিবহন বন্ধ থাকায় তাদের অর্থনীতিতে ইতিমধ্যে বড় ধস নেমেছে। অর্থনৈতিক চাপেই ইরান বিপর্যস্ত হওয়ায় বড় কোনো সামরিক অভিযানের প্রয়োজন দেখছেন না প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে প্রায় ২৪ বিলিয়ন ডলার মূল্যের ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। (সূত্র: ফক্স নিউজ)

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)