ভারতের ওড়িশা রাজ্যের সম্বলপুরে এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে মানেস্বর চকের কাছে ঘটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ওই ব্যক্তি এর আগে কাছাকাছি একটি হোটেলে গিয়ে খাবার চেয়েছিলেন। কিন্তু তাঁর কথাবার্তা অস্পষ্ট হওয়ায় হোটেলকর্মীরা তা বুঝতে পারেননি এবং তাঁকে কোনো খাবার দেননি। এরপর বাধ্য হয়ে তিনি সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পরই রাস্তার পাশে পড়ে থাকা দুর্ঘটনায় নিহত ওই কুকুরের শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে দেখা যায় তাঁকে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন তাঁকে এমন কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলেও শুরুতে তিনি কারও কথায় কোনো ভ্রুক্ষেপ করেননি।
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন এবং চরম অসহায়। প্রচণ্ড ক্ষুধার জ্বালা ও প্রয়োজনীয় সহায়তার অভাবেই তিনি এমন মর্মান্তিক কাজ করেছেন বলে মনে করা হচ্ছে। ঘটনাটি সামনে আসার পর ভারতে ছিন্নমূল ও গৃহহীন মানুষের খাদ্যসংকট, চরম দারিদ্র্য এবং মানসিক স্বাস্থ্যসেবার বেহাল দশার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে তাঁর জন্য খাবার, নিরাপদ আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। সূত্র: সূত্র: টাইমস অব ইন্ডিয়া










