পবিত্র নগরী মদিনায় অবস্থিত মসজিদে কুবার চত্বরে প্রথমবারের মতো চালকবিহীন বাস সেবা চালু করেছে সৌদি আরব। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই বাসগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলাচল করবে। দর্শনার্থীদের ঝামেলাবিহীন যাতায়াত নিশ্চিত করতেই মূলত এই উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে।
অত্যাধুনিক এই স্বয়ংক্রিয় বাসে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে কোনো চালক ছাড়াই বাসগুলো চারপাশের পরিবেশ ও বাধা শনাক্ত করে সম্পূর্ণ নিরাপদে চলতে সক্ষম। বাসগুলো মূলত গাড়ির পার্কিং এলাকা থেকে শুরু করে মসজিদের বিশাল চত্বরের ভেতরে নারী, পুরুষ ও বয়স্ক দর্শনার্থীদের এক স্থান থেকে অন্য স্থানে আনা-নেওয়ার কাজ করবে।
সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির সহযোগিতায় এবং পরিবহন সংস্থার তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মদিনা শহরের পরিবহন ব্যবস্থায় এটি এক অনন্য সংযোজন, যা দর্শনার্থীদের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনবে। সৌদি আরবের যোগাযোগ ও পরিবহন খাতকে প্রযুক্তি নির্ভর, ভবিষ্যৎমুখী এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে, চালকবিহীন এই বাস সেবা তারই সফল প্রতিফলন।










