Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে নিখোঁজ ছেলের জন্য পাগল বাবা-মা, ২০ দিন পর জানলেন দুর্ঘটনায় নিহত

Image 282674ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় সরদার ফরিদ নামের এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বালিথুবা গ্রামে। যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার দীর্ঘ ২০ দিন পর গতকাল তাঁর মৃত্যুর খবর জানতে পেরেছে পরিবার। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সরদার ফরিদ স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছেলে। জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় দুই বছর নয় মাস আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে তিনি একটি কফিশপে কাজ করতেন। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে ফরিদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল বুধবার বিকেলে সৌদি আরব থেকে তাঁর বাবার মুঠোফোনে জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ প্রাণ হারিয়েছেন।

দীর্ঘ ২০ দিন পর নিখোঁজ সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা আবু তালেব সরদার বলেন, ‘গত ২০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলাম না। বুধবার বিকেলে হঠাৎ জানতে পারি, আমার ছেলে আর নেই। এখন আমার আদরের সন্তানের মরদেহটি দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।’

এ বিষয়ে বালিথুবা পূর্ব ইউপির চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, নিহতের পরিবার মরদেহটি দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুতি জানিয়েছে। এদিকে, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া জানিয়েছেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate