প্রবল ঝোড়ো হাওয়ার কারণে অবতরণের সময় চরম বেকায়দায় পড়তে হলো কাতারের আমিরের এই উড়োজাহাজটিকে। ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বাতাসের মধ্যেও পাইলটের দক্ষতায় এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি নিরাপদে নামতে সক্ষম হয়। শ্বাসরুদ্ধকর এই অবতরণের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সুইজারল্যান্ডের বার্ন বিমানবন্দরে এ ঘটনা ঘটে। দোহা থেকে আসা উড়োজাহাজটিতে কাতারের সরকারি প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন। তবে এসময় বিমানটিতে কাতারের আমির ছিলেন না বলেই জানা গেছে। তীব্র বাতাসের চাপ সামলাতে পাইলটরা এভিয়েশনের বিশেষ কৌশল ‘ক্র্যাব অ্যাপ্রোচ’ ব্যবহার করেন এবং রানওয়ে স্পর্শ করার ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটিকে সোজা করে নিরাপদে নামিয়ে আনেন।
দৃশ্যটি ধারণকারী এভিয়েশনপ্রেমী ম্যাথিয়াস হ্যানি জানান, বাতাসের তীব্রতা দেখে তাঁর মনে হয়েছিল পাইলট হয়তো অবতরণ বাতিল করে আবার আকাশে উড়ে যাবেন। কারণ এর কিছুক্ষণ আগেই বৈরী আবহাওয়ার কারণে সুইস সরকারের একটি উড়োজাহাজ বার্ন বিমানবন্দরে নামতে না পেরে অন্য বিমানবন্দরে চলে যেতে বাধ্য হয়।










