ওমানে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘মাতরাহ টেলিফেরিক’ কেবল কার। কয়েক সপ্তাহের পরীক্ষামূলক চলাচলের পর সবার জন্য পুরোদমে খুলে দেওয়া হলো এই পর্যটন প্রকল্প। এর মাধ্যমে মাতরাহ বন্দর থেকে সরাসরি পাহাড়ের চূড়ায় যাওয়ার সুযোগ তৈরি হলো।
তিন কিলোমিটার দীর্ঘ এই পথে রয়েছে তিনটি স্টেশন- মাতরাহ বন্দর, আল রায়াহ এলাকার পাহাড়ের চূড়া এবং হাই আল ওয়ার্ড। ১৮টি কেবিন নিয়ে চলা এই কেবল কারে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। মাস্কাট পৌরসভার সহযোগিতায় সাবিন ইনভেস্টমেন্ট প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ওমানের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করা এবং মাতরাহ এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।
মাতরাহ কেবল কার কোম্পানির চেয়ারম্যান খালিদ বিন সাইদ আল নাভানি বলেন, জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া ওমানের প্রথম কেবল কার এটি। পরীক্ষামূলক চলাচলের সময় থেকেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলেছে। নতুন এই ব্যবস্থার ফলে দেশি-বিদেশি পর্যটক ও প্রবাসীরা এখন আকাশপথ থেকেও মাতরাহর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।










