চীনের মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে সফলভাবে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানি পাইলট মোহাম্মদ জিশান আলী। এর মাধ্যমে প্রথম কোনো বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশ মিশনে অংশ নিলেন তিনি। চীনের জিউচিয়ান কেন্দ্র থেকে রকেটটি সফলভাবে উৎক্ষেপণের পর মাত্র সাড়ে তিন ঘণ্টায় মহাকাশযানটি তিয়াংগং স্টেশনের সঙ্গে যুক্ত হয়। সেখানে পৌঁছানোর পর আগের শেনঝৌ-২৩ দলের নভোচারীরা নতুন দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এই ঐতিহাসিক যাত্রার সাক্ষী হতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে জড়ো হয়েছিলেন দেশটির কর্মকর্তা, বিজ্ঞানী ও সাধারণ মানুষ। রকেটটি আকাশে ওড়ার সময় জাতীয় সংগীত বাজানোর পাশাপাশি দুই দেশের পতাকা নেড়ে সবাই আনন্দ প্রকাশ করেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই মিশনকে দুই দেশের সুদীর্ঘ বন্ধুত্বের এক অনন্য প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
মহাকাশে অবস্থানকালে এই তিন সদস্যের দলটি নব্বইটিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা চালাবে। এর মধ্যে জিশান আলী সালোকসংশ্লেষকারী সায়ানোট্র নিয়ে কাজ করবেন। এছাড়াও মাইক্রোঅ্যালগি, মহাকাশে কুইনোভা চাষ এবং মহাকাশযানের উপকরণ নিয়ে পাকিস্তানের বেশ কিছু গবেষণা পরিচালনার কথা রয়েছে। ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলা চীনের মহাকাশ যাত্রায় এই মিশনটি এক নতুন অধ্যায় যোগ করল।











