ওমানের হোটেলগুলোতে রাতের শিফটে প্রবাসী রিসেপশনিস্ট নিয়োগের বিশেষ ছাড়ের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়। গত ৩০ এপ্রিলের এক ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ছয় মাসে হোটেলগুলোর কর্মী নিয়োগের বিধিমালা মেনে চলা এবং বেসরকারি খাতে ওমানিকরণ নীতিমালার প্রতি আনুগত্যের কারণেই এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং যেসব হোটেলের অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সনদ নবায়নের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে কোন হোটেলে কতজন প্রবাসী রিসেপশনিস্ট রাতের শিফটে কাজ করতে পারবেন, তা নির্ভর করবে ওই হোটেলে কর্মরত ওমানি রিসেপশনিস্টের সংখ্যার ওপর। যেসব হোটেলে এক থেকে তিনজন ওমানি রিসেপশনিস্ট রয়েছেন, তারা একজন প্রবাসীকে রাতের শিফটে নিয়োগ দিতে পারবে। চার থেকে ছয়জন ওমানি রিসেপশনিস্ট থাকলে দুজন এবং সাতজন বা তার বেশি থাকলে তিনজন প্রবাসীকে মনোনীত করা যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই বিশেষ ছাড়ের আওতায় প্রবাসী রিসেপশনিস্টরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলো এ ছাড়ের আওতাভুক্ত থাকবে না। প্রতিটি অনুমোদনপত্র ইস্যুর তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর থাকবে এবং বিধিমালা যাচাই সাপেক্ষে তা নবায়ন করা যাবে।
আরও
এ সুবিধার জন্য আবেদন করতে হোটেলগুলোকে ঐতিহ্য ও পর্যটন খাতের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালকের বরাবর চিঠি পাঠাতে হবে। এর সঙ্গে প্রতিষ্ঠানের বাণিজ্যিক নিবন্ধনপত্র, মনোনীত কর্মীদের পরিচয়পত্রের কপি এবং যোগাযোগের নম্বর জমা দিতে হবে। ওমানের হোটেল ও পর্যটন খাতে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য এই সিদ্ধান্তকে স্বস্তিদায়ক হিসেবে দেখা হচ্ছে।









