ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক অসুস্থতাজনিত ছুটি বা সিক লিভ ও বিশেষ ছুটির বিমা সুবিধা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। সোশ্যাল প্রটেকশন ফান্ডের নতুন আদেশের আওতায় আগামী ২০ জুলাই থেকে সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রবাসী কর্মীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতা বাড়িয়ে সব কর্মীর জন্য বৃহত্তর সুবিধা নিশ্চিত করতেই মূলত এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন জারি করা ১৩/২০২৬ নম্বর আদেশের মাধ্যমে এই বিমা প্রকল্পটি চালু করা হয়েছে। ওমানের শ্রম আইনের অধীনে থাকা রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর বিভিন্ন ইউনিট, অন্যান্য সরকারি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব প্রবাসী কর্মীর জন্য এই বিমা প্রকল্পে অংশ নেওয়া বাধ্যতামূলক। তবে গৃহকর্মীদের মতো যেসব প্রবাসী কর্মী ওমানের প্রচলিত শ্রম আইনের আওতাভুক্ত নন, তাঁরা এই নতুন সুবিধার বাইরে থাকবেন বলে জানানো হয়েছে।
ওমানের নিজস্ব নাগরিকদের জন্য অসুস্থতাজনিত ও বিশেষ ছুটির এই বিমা সুবিধাটি ২০১৯ সালের জুলাই মাস থেকেই কার্যকর রয়েছে। সরকারি-বেসরকারি খাতের চুক্তিবদ্ধ, প্রশিক্ষণার্থী ও অবসরপ্রাপ্ত কর্মীদেরও তখন থেকে এই সুবিধার আওতায় রাখা হয়। সোশ্যাল প্রটেকশন ফান্ড জানিয়েছে, নতুন করে প্রবাসীদের যুক্ত করার এই উদ্যোগ মূলত দেশটির পুরো শ্রমশক্তির কল্যাণ ও সামাজিক সুরক্ষার কাঠামোকে আরও সুদৃঢ় করার বৃহত্তর লক্ষ্যেরই অংশ।








