সর্বশেষ

ওমানে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

New decision on additional leave for omani expatriates e1748768482827Web Popup (3)

ওমানের বিভিন্ন পোস্ট অফিসে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ডাকযোগে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় এসএমএস ও হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়ার পরও অনেক প্রবাসী ভোটার সময়মতো পোস্ট অফিসে গিয়ে তাদের ব্যালট সংগ্রহ করছেন না। এতে করে শেষ মুহূর্তে ব্যালট খুঁজে পেতে বিলম্ব এবং অপ্রয়োজনীয় ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

সুর এলাকার একটি পোস্ট অফিস পরিদর্শন করে প্রবাস টাইমের প্রতিনিধি হাশেম চৌধুরী জানান, প্রতিদিন বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট পোস্ট অফিসে এসে জমা হচ্ছে। দিন যত গড়াচ্ছে, ব্যালটের সংখ্যা তত বাড়ছে, ফলে দেরিতে এলে নির্দিষ্ট ভোটারের ব্যালট খুঁজে বের করতে বেশি সময় লাগছে। এ কারণে যেসব প্রবাসী ভোটার ইতোমধ্যে বার্তা পেয়েছেন, তাদের দ্রুত নিজ নিজ ব্যালট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এবার রেকর্ডসংখ্যক প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এতে বিশ্বের ১২৩টি দেশ থেকে মোট ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় দুটি করে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। প্রতীক বরাদ্দের পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট প্রদান করতে পারবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা ডাকযোগে ফেরত পাঠাতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো ব্যালট সংগ্রহ ও ফেরত পাঠানো নিশ্চিত করা গেলে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ আরও সুষ্ঠু ও কার্যকর হবে। এজন্য প্রবাসীদের কাছে পৌঁছানো নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup