সর্বশেষ

ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

Bahrine 3Web Popup (3)

প্রতিবেশী দেশ বাহরাইনে আবারও হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইরানি আগ্রাসনের’ অংশ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিভিল ডিফেন্সের দল। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির নাম বা অবস্থান প্রকাশ করা হয়নি।

পৃথক এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে যৌথ অভিযান চালিয়েছে তারা। অভিযানে ঘাঁটিগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় এবং হরমুজ প্রণালির হাঙ্গাম দ্বীপে ইরানি রাডার স্থাপনায় মার্কিন হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা ‘বাহরাইন নিউজ’-এর বরাতে জানিয়েছে, এর আগে গত ২০ ফেব্রুয়ারি বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সিতরা দ্বীপে গিয়ে পড়ে এবং বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় বারবার ত্রুটির কারণেই ওই ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) মোতায়েন রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই দেশটি বারবার হামলার শিকার হচ্ছে। সেপ্টেম্বরের পর কয়েক সপ্তাহ বিরতি দিয়ে সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিনবার ড্রোন হামলা চালাল ইরান; সর্বশেষ হামলাটি হয়েছিল গত ১৭ নভেম্বর।

শনিবার রাতের হামলার পর এক্সে দেওয়া বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে ‘২৮১৭ নম্বর রেজল্যুশন’ বাস্তবায়নে বাধ্য করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এর আগে ১৭ নভেম্বরের হামলার পর গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসিম মোহামেদ আল-বুদাইউই বলেছিলেন, বাহরাইনের নিরাপত্তা জিসিসিভুক্ত দেশগুলোর সামগ্রিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং এই হামলার মোকাবিলায় বাহরাইনের যেকোনো পদক্ষেপে জিসিসির পূর্ণ সমর্থন থাকবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)