ইসরায়েলের আফুলা শহরের কাছে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। খবর পেয়ে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলের ছবিতে মসজিদের দেয়ালে জাতীয়তাবাদী ও ইসলামবিদ্বেষী বিভিন্ন স্লোগান লেখা দেখা গেছে। মসজিদের ইমাম ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালাকে বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমাদের ধারণা, তিনজন হামলাকারী মলোটভ ককটেল (পেট্রলবোমা) ও পেট্রল নিয়ে ঘটনাস্থলে এসেছিল। তারা মসজিদের কাছের একটি দেয়ালে “প্রতিশোধ”-সহ বিভিন্ন স্লোগান লেখে। এরপর ভবনের ভেতরে ঢুকে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। সৌভাগ্যক্রমে আগুনের তীব্রতা খুব বেশি ছিল না। নামাজের জন্য মসজিদে পৌঁছেই আমরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই।’
এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে ইমাম আরও বলেন, ‘আমাদের গ্রামটি ছোট, এখানে সবাই সবাইকে চেনে। আমাদের মধ্যে কোনো বর্ণবাদ বা বিরোধ নেই, আর আমরা এমন কিছু চাইও না। আশপাশের এলাকার মানুষের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। গ্রামের বাসিন্দারা কোনো সমস্যা সৃষ্টি করেন না; যারা এর জন্য দায়ী, তারা হামলাকারী।’ এ ঘটনায় গ্রামে অস্থিরতা বা নতুন কোনো সমস্যার সৃষ্টি হবে না বলে আশা প্রকাশ করে তিনি জানান, পুলিশের সঙ্গে তাঁদের কথা হয়েছে। পুলিশ সব ধরনের আলামত সংগ্রহ করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে।
আরও
এদিকে, এই অগ্নিসংযোগের চেষ্টাকে ‘ঘৃণামূলক অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পবিত্র স্থানের অবমাননা’ হিসেবে অভিহিত করেছেন ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) পার্টির চেয়ারম্যান মানসুর আব্বাস। তিনি বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আরব নাগরিকদের বিরুদ্ধে উগ্র ডানপন্থীদের উসকানিমূলক প্রচারণার ফল।’ এ ধরনের উসকানি বন্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তিনি। আব্বাস আরও বলেন, বুধবার সন্ধ্যায় কাফর কাসেমে জাতীয়তাবাদী উদ্দেশ্যপ্রণোদিত বলে সন্দেহ করা একটি গাড়ি হামলার ঘটনায় অন্তত তিনজন আহত হন। সেই ঘটনার প্রেক্ষাপটেই মসজিদে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।









