সর্বশেষ
ব্রেকিং

প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছালেন রাশাদ নাকিব

Prothomalo bangla 2026 11 18 drw2e7ok blind saudi man everestWeb Popup (3)

সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক হিসেবে নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে নতুন ইতিহাস গড়েছেন রাশাদ নাকিব। সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানি ও পেশাদার গাইডদের সহযোগিতায় হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে টানা ৯ দিনের পদযাত্রা শেষে তিনি এই সাফল্য অর্জন করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পের পাথুরে ও বরফে ঢাকা দুর্গম পথ পাড়ি দিতে রাশাদ নাকিবের ভরসা ছিল ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনা। অভিযানের নেতৃত্ব দেওয়া পর্বতারোহী বদর আল-শাইবানি ইনস্টাগ্রামে জানান, পথের ধরন বা খাড়া ধাপ সম্পর্কে তিনি সার্বক্ষণিক নাকিবকে জানিয়ে দিতেন। নাকিব তাঁর কণ্ঠস্বর ও পাথরের ওপর বুটের শব্দ অনুসরণ করে পথ চলতেন। আগেও এভারেস্টের চূড়ায় ওঠা আল-শাইবানি বলেন, রাশাদের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল সম্পূর্ণ আলাদা এবং এই অভিজ্ঞতা প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।

Prothomalo bangla 2026 11 18 zl8jji6u blind saudi man everest

অভিযান শেষে নিজের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তিনি জানান, বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতার মধ্যেও পথপ্রদর্শকদের প্রতি অগাধ আস্থা তাঁকে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে সহায়তা করেছে। এই অর্জন তরুণদের স্বপ্ন পূরণে এবং যেকোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে তাঁর এই অভিযানের অভিজ্ঞতা ও মানবিক দিক নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে, যা ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সৌদি আরবের নাগরিকদের মধ্যে রাশাদ নাকিব প্রথম হলেও এর আগে বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এভারেস্ট বেজক্যাম্প ও চূড়ায় পৌঁছানোর কৃতিত্ব দেখিয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের এরিক ভাইহেনমায়ার, অস্ট্রিয়ার অ্যান্ডি হোলজার, চীনের ঝাং হং এবং ভারতের ছোনজিন আংমো ও প্রিয়াঙ্কা আগরওয়াল উল্লেখযোগ্য।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)