বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স) নিশ্চিন্তে খেলতে কাজ থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছেন স্কটল্যান্ডের ৩৮ বছর বয়সী শন লিটল। তবে শুধু ছুটি নিয়েই থামেননি নিউটন স্টুয়ার্টের এই বাসিন্দা, বসার ঘরে নির্বিঘ্নে গেম খেলতে স্ত্রী ও মেয়ের সঙ্গে রীতিমতো বিরক্ত না করার লিখিত চুক্তিও করেছেন তিনি।
বিবিসি স্কটল্যান্ডের প্রতিবেদনে বলা হয়, পেশায় রংমিস্ত্রি শন জানতেন, এক সপ্তাহ বাসায় থাকলে তাঁকে কুকুর হাঁটানো বা রান্নার মতো ঘরের কাজ করতে হবে। সেই ঝামেলা এড়াতেই স্ত্রী নাটালি ও ১৩ বছর বয়সী মেয়ে শার্লটের সঙ্গে এই চুক্তি করেন তিনি। চুক্তি অনুযায়ী, টানা সাত দিন তাঁকে ঘরের কোনো কাজ করতে বলা যাবে না, এমনকি ঘণ্টার পর ঘণ্টা সোফায় বসে গেম খেললেও তাঁকে অলস বলে কোনো মন্তব্য করা যাবে না। থালাবাসন ধোয়ার ঝামেলা এড়াতে তিনি আগেভাগেই কাগজের প্লেট কিনে রেখেছেন। মজা করে টিকটক ভিডিও বানাতেই এই চুক্তি করেছিলেন বলে জানান শন, তবে এর মধ্যে কিছুটা সত্যতাও রয়েছে।

আরও
চুক্তির বিনিময়ে স্ত্রী নাটালিকে ৫০ পাউন্ড ও মেয়ে শার্লটকে ২০ পাউন্ড দেওয়ার পাশাপাশি সংসারের সাপ্তাহিক খরচ বাড়িয়ে ৫০০ পাউন্ড করেছেন তিনি। এ ছাড়া হালকা খাবার কেনার জন্য স্ত্রীকে বাড়তি টাকাও দিয়েছেন। এই এক সপ্তাহের ছুটির জন্য সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ১৩ ঘণ্টা করে কাজ করে টাকা জমিয়েছেন শন।
দীর্ঘ ১৩ বছর ধরে জিটিএ সিক্স-এর অপেক্ষায় থাকা শন জানান, নিজে ও পরিবার খুশি থাকলে অন্য কেউ তাঁকে পাগল ভাবলেও তাঁর কিছু যায় আসে না। বয়স বাড়লে কোনো কিছুর প্রতি ভালোবাসা কমে না উল্লেখ করে মজার ছলে তিনি বলেন, স্পেনের বেনিডর্মে ঘুরতে যাওয়ার চেয়ে গেমের ভাইস সিটিতে সময় কাটানোই তাঁর কাছে বেশি ভালো।









