Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ

Image 351615Web Popup (3)

সৌদি আরবের আল-বাহা অঞ্চলে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি প্রাচীন মসজিদের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। দেশটির আল-মালামাহ প্রত্নতাত্ত্বিক এলাকায় চতুর্থ পর্যায়ের খননকাজ চালানোর সময় আবাসিক এলাকার পশ্চিম পাশে মসজিদটির ধ্বংসাবশেষ ও বেশ কিছু প্রাচীন নিদর্শন পাওয়া যায়। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা ও খালিজ টাইমস জানিয়েছে, স্থাপনাটি ইসলামি বর্ষপঞ্জির প্রথম শতকের, অর্থাৎ ইসলামের একদম শুরুর দিকের।

Download

প্রত্নতাত্ত্বিক তথ্য অনুযায়ী, গ্রানাইট পাথর দিয়ে নির্মিত এই মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১৬ মিটার এবং প্রস্থ ১০ মিটার। খননকাজে স্থাপনাটির ভেতরে মিহরাব, প্রবেশপথ এবং একটি মিনারের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, মসজিদটির দেয়ালে প্রাচীন ইসলামি শিলালিপি খোদাই করা রয়েছে, যার মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠের কথাও পাওয়া গেছে।

মসজিদটির চারপাশে পাথরের তৈরি আরও কয়েকটি কক্ষের সন্ধান মিলেছে। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, কেবল ইবাদতের স্থান হিসেবেই নয়, বরং আশপাশের এসব কক্ষ সে সময় নানা সামাজিক ও বাণিজ্যিক কাজেও ব্যবহৃত হতো।

Download (1)

খননকাজে মসজিদের স্থাপনার পাশাপাশি ওই সময়ের মানুষের ব্যবহৃত মাটির পাত্র, পাথরের তৈরি বিভিন্ন সামগ্রী, শস্য পেষার সরঞ্জাম এবং জাঁতা-পেষাইয়ের অংশও উদ্ধার করা হয়েছে। গবেষকেরা মনে করছেন, এসব নিদর্শন বিশ্লেষণের মাধ্যমে ইসলামের শুরুর দিকের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যাবে।

প্রত্নতাত্ত্বিকদের মতে, প্রাচীনকালে আল-মালামাহ এলাকাটি খনিজ সম্পদের জন্যও পরিচিত ছিল। সেখানে সোনা, রুপা ও তামার আকরিক উত্তোলন এবং প্রক্রিয়াজাত করা হতো। ফলে ঐতিহাসিকভাবে এলাকাটি কেবল ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রস্থলই ছিল না, বরং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও এর ব্যাপক ভূমিকা ছিল।

সূত্র: সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা, সৌদি প্রেস এজেন্সি, খালিজ টাইমস

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)