খ্রিস্টধর্মকে ছাড়িয়ে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হতে যাচ্ছে ইসলাম। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ‘পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রজেক্ট’-এর আওতায় ২০১টি দেশ ও অঞ্চলের ৯৯ দশমিক ৮ শতাংশ মানুষকে বিবেচনায় নিয়ে এই গবেষণা চালানো হয়। এতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম ও খ্রিস্টান—উভয় ধর্মের অনুসারীই বাড়বে, তবে মুসলিম জনসংখ্যা বাড়বে আরও দ্রুত গতিতে।
প্রতিবেদনে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার প্রধান কারণ হিসেবে উচ্চ জন্মহারকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১ জন, যেখানে দ্বিতীয় স্থানে থাকা খ্রিস্টান নারীদের হার ২ দশমিক ৫ জন। স্বাভাবিক জন্মহারের ফলে ২০৭০ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি পর্যন্ত বাড়তে পারে, বিপরীতে খ্রিস্টানদের সংখ্যা বাড়বে ৭৯ কোটি ২০ লাখ। এ ছাড়া ধর্ম ত্যাগ বা ধর্মান্তরের কারণে খ্রিস্টানদের নিট ক্ষতি হতে পারে ১০ কোটি ৫০ লাখ, যেখানে মুসলিমদের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ৮০ লাখ। তবে আর্থসামাজিক অবস্থা, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভবিষ্যতে এই চিত্রে পরিবর্তন আসতে পারে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার বেশির ভাগ বৃদ্ধি ঘটবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৩টি দেশেই, যেখানে নতুন করে আরও ১২০ কোটি মুসলিম যুক্ত হবে। ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৯৫ শতাংশ মানুষ হবেন মুসলিম এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ধর্মহীন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যাবেন তাঁরা। একই সময়ে পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২২ কোটি ৭০ লাখ থেকে দ্বিগুণ হয়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাবে। এতে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে পরিণত হবে পাকিস্তান। অন্যদিকে, খ্রিস্টানদের সংখ্যাও মূলত তাদের সংখ্যাগরিষ্ঠ ১২০টি দেশেই বেশি বাড়বে। সূত্র : এপি, এনডিটিভি অনলাইন










