ইরান আর ‘না যুদ্ধ, না শান্তি’ নামক চরম অনিশ্চয়তার মধ্যে আটকে থাকতে চায় না। এই অস্থিতিশীল পরিস্থিতির দ্রুত অবসান ঘটাতে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতার এই নির্দেশ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তেহরানে ইরান ডেইরি ইন্ডাস্ট্রিজ কোম্পানির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা জানান। তিনি বলেন, ইরান আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো যৌক্তিক আলোচনায় বসতে পুরোপুরি প্রস্তুত। তবে কোনো ধরনের চাপ, অযৌক্তিক হুমকি বা জবরদস্তির কাছে তেহরান কখনোই মাথা নত করবে না।
শত্রুপক্ষের নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন, যুক্তি ও কূটনৈতিক উপায়ে মর্যাদা ধরে রেখেই সব সমস্যার সমাধান সম্ভব। আলোচনায় যদি ইরানের ন্যায্য অধিকার সুরক্ষিত থাকে, তবে যুদ্ধ এড়িয়ে চলাই শ্রেয়। তবে আলোচনার এই সদিচ্ছাকে কোনোভাবেই ইরানের দুর্বলতা হিসেবে ভাবার সুযোগ নেই বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সূত্র: তাসনিম নিউজ










