মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে ঘোষণা দেওয়ার অনেক আগেই সৌদি আরবে সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান এবং সেনাসদস্য পাঠিয়েছে দেশটি। সম্প্রতি মিশরের সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সামরিক সরঞ্জামই নয়, সৌদি আরবের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করেছে কায়রো।
মিশরের সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। এছাড়া মিশরের নৌবাহিনীর যুদ্ধজাহাজও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব’ প্রণালির কাছে অবস্থান নিয়েছে, যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। মূলত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা ও লোহিত সাগরের নৌপথের নিরাপত্তা নিয়ে মিশরের উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় আগস্ট মাস থেকেই এ অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।
আল জাজিরা আরবির উন্মুক্ত সূত্রভিত্তিক অনুসন্ধান বিভাগও গত মাসে জানায় যে, ফ্লাইট পর্যবেক্ষণের তথ্যে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের আকাশে মিশরের সামরিক বাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান শনাক্ত করা হয়েছিল। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, মিশরের পূর্ব ও দক্ষিণাঞ্চলের কৌশলগত স্থানগুলোতে স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হয়েছে।
আরও
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তিও সম্প্রতি ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন। তিনি নিশ্চিত করেন, সিসি সংসদের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার কয়েক মাস আগেই ইরানের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সৌদি আরবে মিশরের সামরিক উপস্থিতি শুরু হয়েছিল। বর্তমানে কায়রো এই মোতায়েনকে ‘আরও শক্তিশালী’ করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এদিকে সামরিক সূত্রের দাবি, ইয়েমেনে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে মিশরের সামরিক নেতৃত্ব ও প্রেসিডেন্ট সিসির মধ্যে মতভেদ থাকলেও, সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে নীতিগত ঐকমত্য রয়েছে।











