সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় নিজেদের ফ্লাইট মিস করেন দুই নারী। কিন্তু এতে হাল ছাড়েননি তাঁরা। কোনো কিছুর তোয়াক্কা না করে উড়োজাহাজ থামাতে সরাসরি বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় (অ্যাপ্রন) ঢুকে দৌড়াতে শুরু করেন তাঁরা। রাশিয়ার মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটা এমন এক অদ্ভুত কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ২৫ জুলাই। ওই দুই নারী অ্যারোফ্লোট এয়ারলাইনসের একটি ফ্লাইটের টিকিট কেটেছিলেন। কিন্তু দেরি হওয়ায় তাঁরা নির্ধারিত সময়ে বোর্ডিং সম্পন্ন করতে ব্যর্থ হন। এরপর টার্মিনালের ভেতরে কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করেই তাঁরা সোজা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় চলে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী তাঁর সুটকেস নিয়ে চলন্ত উড়োজাহাজের দিকে মরিয়া হয়ে দৌড়াচ্ছেন।
Visuals: Missed Flight Turns Into Airport Security Breach at Moscow’s Sheremetyevo Airport
আরও
Two passengers who reportedly arrived late for their Aeroflot flight at Moscow’s Sheremetyevo International Airport took matters into their own hands on July 25, running onto the airport… pic.twitter.com/3mBKW1SvW3
— FL360aero (@fl360aero) August 8, 2026
ভিডিওতে আরও দেখা যায়, উড়োজাহাজটিকে তখন পুশব্যাক করে রানওয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই দুই নারী দৌড়ে কাছে চলে গেলে নিরাপত্তার স্বার্থে ক্রুরা উড়োজাহাজের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পরই নিরাপত্তাবাহিনীর সদস্যরা সেখানে ছুটে যান এবং তাঁদের সেখান থেকে সরিয়ে আনেন। উড়োজাহাজটি উড্ডয়নের জন্য পুরোপুরি প্রস্তুত থাকায় শেষ পর্যন্ত তাঁদের আর ফ্লাইটে ওঠার সুযোগ দেওয়া হয়নি। সাধারণত বিমানবন্দরের অ্যাপ্রন এলাকায় সাধারণ যাত্রীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে; কারণ, ওই জায়গায় উড়োজাহাজ পার্ক করা, মালামাল ওঠানো-নামানো এবং মেরামতের কাজ করা হয়।










