যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মৃত্যুর ঘটনায় তাঁরই ঘাতক রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) এক নাটকীয় অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার সাত দিন পর লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের বিশেষায়িত বাহিনী ‘সোয়াট’ (SWAT) টিমের শ্বাসরুদ্ধকর অভিযানের মুখে অভিযুক্ত হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হন। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই মেধাবী পিএইচডি শিক্ষার্থীর এমন করুণ পরিণতিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সূত্রপাত হয় যখন পুলিশ ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে নিখোঁজ জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। মরদেহ পাওয়ার পরপরই তদন্তকারীরা লিমনের রুমমেট হিশামের দিকে নজর দেন এবং প্রাথমিক তদন্তে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন। ঠিক সেই সময়ই পুলিশের কাছে লেক ফরেস্ট এলাকায় হিশামের বাসভবনের কাছ থেকে পারিবারিক সহিংসতার একটি জরুরি কল আসে। দ্রুত ওই এলাকায় গিয়ে পুলিশ হিশামের বাড়ি ঘিরে ফেললে তিনি পুলিশের নির্দেশ উপেক্ষা করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে অভিযুক্ত হিশাম বাড়ির ভেতরেই অবস্থান নেওয়ায় পরিস্থিতি চরম জটিল আকার ধারণ করে। বাধ্য হয়ে হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় দ্রুত বিশেষায়িত ইউনিট সোয়াট টিমকে তলব করে। সোয়াট টিমের সদস্যরা পুরো বাড়িটি ঘিরে ফেলে অত্যন্ত কৌশলী অবস্থান নেন এবং দীর্ঘ সময় ধরে তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকেন। শেষ পর্যন্ত অভিযানের মুখে ও পরিস্থিতির চাপে পড়ে হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হন। পরে তাঁকে লিমনের হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয় এবং তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্ট করা ও অনুমোদনহীনভাবে মরদেহ সরানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়।
আরও
জানা গেছে, গত ১৬ এপ্রিল থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নিখোঁজ ছিলেন এবং দীর্ঘ এক সপ্তাহ পর তাঁর এই মর্মান্তিক পরিণতি প্রকাশ্যে আসে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ। তবে রুমমেট হিশামের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কোনো টানাপোড়েন বা অন্য কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পেছনের প্রকৃত রহস্য উন্মোচনে পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।










