যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিকে ইরানের অন্যতম কৌশলগত সম্পদ হিসেবে অভিহিত করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি মন্তব্য করেছেন, কৌশলগতভাবে এই প্রণালি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’। সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মোহসেন রেজাই জোর দিয়ে বলেন, ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ রক্ষা অব্যাহত রাখবে। তেহরান এই প্রণালিকে তাদের প্রতিরোধ কৌশলের অন্যতম মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করে থাকে। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা আরও বলেন, ‘এই কৌশলগত পথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইরান যেকোনো মূল্যে এটি রক্ষা করবে।’
ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, মোহসেন রেজাই উল্লেখ করেছেন যে হরমুজ প্রণালি দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি অপরিহার্য উপাদান। ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আরও
এদিকে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সম্প্রতি দেশ দুটির মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ইরান বিঘ্ন ঘটাচ্ছে—এমন অভিযোগ তুলে দেশটির উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে থাকা একাধিক মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে পাল্টা হামলা চালিয়েছে।










