Long Popup (2)
সর্বশেষ

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, দফায় দফায় বিস্ফোরণ-প্রাণহানি

Untitled 1ProbashircityWebPopupUpdate

ইরানের বিরুদ্ধে নতুন করে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর এই টানা তিন রাতের হামলায় দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি পাম্পিং স্টেশনে মার্কিন হামলায় একজন নিরাপত্তাকর্মী নিহত এবং চারজন আহত হয়েছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে এই নতুন হামলার খবর নিশ্চিত করে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক ও হামলার সক্ষমতা ভেঙে দিতেই এই অভিযান চালানো হয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ জুলাই) ইরানের বিরুদ্ধে এই নতুন দফা হামলা শুরু করার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রোববার বিকেল ৫টা থেকে (ইরানের স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১২টায়) তাদের বাহিনী ইরানে এই নতুন অভিযান শুরু করে। হরমুজ প্রণালিতে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা আরও দুর্বল করে দেওয়াই ছিল এর মূল লক্ষ্য। সেন্টকম আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশেই এই অভিযান পরিচালনা করা হয়েছে, যাতে ইরানি বাহিনীকে তাদের আগ্রাসী কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা যায়।

এর আগে গত শনিবার সেন্টকম জানিয়েছিল, তারা ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ সংরক্ষণাগার এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। এ সপ্তাহে টানা তিন রাতের অভিযানে এখন পর্যন্ত ৩০০টিরও বেশি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের একের পর এক হামলা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কৌশলগত নৌপথ বন্ধ রাখার তেহরানের ঘোষণার পরই মূলত এই বিধ্বংসী পাল্টা ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র।

এদিকে সোমবার ভোরে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস, সিরিক, কেশম দ্বীপ ও জাস্ক এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হরমোজগান প্রাদেশিক কর্তৃপক্ষ দাবি করেছে, সর্বশেষ হামলায় সেখানে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বুশেহর ও কানগান শহরেও বিস্ফোরণ হয়েছে।

অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মারকাজি প্রদেশের খোন্দাব গ্রামের বাসিন্দারাও দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রদেশের উপ-গভর্নর জানিয়েছেন, শহরের বাইরে ‘শত্রুপক্ষের নিক্ষেপ করা গোলা’ আঘাত হানায় ওই বিস্ফোরণ ঘটে।

সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির খবর এসেছে খুজেস্তান প্রদেশ থেকে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে জানানো হয়েছে, খুজেস্তান প্রদেশের মাহশাহর এলাকায় কৃষিকাজের একটি পানি পাম্পিং স্টেশনে মার্কিন হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই স্টেশনের নিরাপত্তারক্ষী ছিলেন। খুজেস্তানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক উপ-গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি ইসনা সংবাদ সংস্থাকে জানান, স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে খুজেস্তান প্রদেশের অন্তত আটটি স্থানে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। প্রতিটি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। তবে তিনি আহভাজ বিমানবন্দরে হামলার খবরটি ভিত্তিহীন বলে সম্পূর্ণ অস্বীকার করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate