ইরানের পশ্চিমাঞ্চলে গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, উদ্ধারকাজে ছয়টি অ্যাম্বুলেন্স ও ছয়টি বিশেষ যান মোতায়েন করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে ইলাম, দেহলোরান, দেজফুল এবং আবদানানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এমনিতেই ইরানে সড়ক নিরাপত্তার রেকর্ড বেশ উদ্বেগজনক। দেশটির সরকারি সংস্থা ‘লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন’-এর তথ্য অনুযায়ী, গত মার্চ মাস পর্যন্ত এক বছরেই দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। রোববারের এই প্রাণঘাতী দুর্ঘটনা সেই উদ্বেগজনক পরিসংখ্যানকে যেন আরও একবার সামনে নিয়ে এল।










