সর্বশেষ

টিকটকে পটিয়ে স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রাখেন চীনা নাগরিক, অতঃপর…

JhgfWeb Popup (3)

মানিকগঞ্জে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং নামের এক চীনা নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর গত ২৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাঁকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৪ নভেম্বর রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই শিক্ষার্থীর বাবা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ওই শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে গিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছে। তার বাবার করা মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)