বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে নিজের জন্মদাতা বাবার জানাজা আটকে দিয়েছেন এক মেয়ে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্পত্তির সুরাহা না হওয়ায় বিকেল ৩টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টা বাড়ির উঠানেই পড়ে ছিল ওই বৃদ্ধের মরদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বোয়ালীদহ গ্রামের মৃত ওই বৃদ্ধের নাম নাজির উদ্দিন। পেশায় কৃষক এই বৃদ্ধ রোববার বিকেল ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান। তাঁর এক ছেলে ইদ্রিস আলী (৪৮) এবং এক মেয়ে হালিমা বেওয়া (৫০) রয়েছেন। মেয়ে হালিমার অভিযোগ, তাঁর বাবা জীবিত থাকাকালে কৌশলে সব সম্পত্তি ছেলের নামে লিখে নেওয়া হয়েছে এবং তাঁকে পৈতৃক অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে। নিজের প্রাপ্য এক বিঘা জমি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তিনি বাবার জানাজা ও দাফন হতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন। অন্যদিকে ছেলে ইদ্রিস আলীর দাবি, বাবা স্বেচ্ছায় সব জমি তাঁকে রেজিস্ট্রি করে দিয়েছেন, এখানে বোনের কোনো অংশ নেই।

আরও
জানাজায় অংশ নিতে আসা প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে কয়েক দফা সমঝোতার চেষ্টা করলেও তা সফল হয়নি। ফলে সোমবার বিকেল ৩টা পর্যন্ত ওই বৃদ্ধের মরদেহ বাড়ির উঠানেই পড়ে থাকে। ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. রওশন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্পত্তির ভাগ না পাওয়ার ক্ষোভ থেকেই মেয়ে জানাজা আটকে রেখেছেন। এদিকে ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এস্তেখার হাসান জানিয়েছেন, এ বিষয়ে এক ব্যক্তি মৌখিক অভিযোগ নিয়ে তদন্তকেন্দ্রে এসেছিলেন, তবে তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হলে তিনি আর ফিরে আসেননি।








