সর্বশেষ

প্রবাসী স্ত্রীর লাখ লাখ টাকা হাতিয়ে যুবকের দ্বিতীয় বিয়ে, অতঃপর…

Image 331165Web Popup (3)

বগুড়ার ধুনটে স্ত্রীকে প্রবাসে পাঠিয়ে তাঁর উপার্জিত লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে আকুল রাজ (৩০) নামের এক মুদি দোকানির বিরুদ্ধে। প্রবাসে কষ্টার্জিত অর্থ হারিয়ে দেশে ফিরে স্বামীর বাড়িতে উঠতে গেলে উল্টো অস্বীকৃতি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন ওই নারী। এ ঘটনায় প্রতিকার চেয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী স্ত্রী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের জেরে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভূতবাড়ী গ্রামের আকুল রাজের সঙ্গে রাজবাড়ী জেলার কালুখালীর আবদুল ওহাবের মেয়ে মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পরিবারের সম্মতিতে মরিয়মকে সৌদি আরবে পাঠানো হয়। প্রবাসে যাওয়ার আগে স্বামীর ব্যবসার জন্য ৩ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার দিয়ে যান তিনি। এরপর গত দেড় বছরে প্রবাস থেকে নিজের কষ্টের উপার্জিত আরও ৮ লাখ টাকা স্বামীর ব্যাংক হিসাবে পাঠান মরিয়ম।

কিন্তু গত তিন মাস ধরে আকুল রাজ স্ত্রীর সঙ্গে যোগাযোগ অনেকটাই কমিয়ে দেন। পরে মরিয়ম জানতে পারেন, তাঁর প্রবাসে থাকার সুযোগে স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি সুরাহা করতে গত ২০ সেপ্টেম্বর সকালে মরিয়ম দেশে ফিরে স্বামীর বাড়িতে গেলে আকুল রাজ তাঁকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান। ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আকুল রাজ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

কোনো উপায় না পেয়ে স্ত্রীর অধিকার ও অর্থ আত্মসাতের বিচার চেয়ে সোমবার স্বামী আকুল রাজসহ তাঁর পরিবারের সাতজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মরিয়ম বেগম। এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup