সর্বশেষ

চট্টগ্রামে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের

ImageWeb Popup (3)

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় শাশুড়ি ও পুত্রবধূর মধ্যকার ঝগড়া থামাতে গিয়ে গাছের আঘাতে রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধুইল্যাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত পুত্রবধূ জমিলা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে নাতনি দুষ্টুমি করায় শাশুড়ি হোসনে আরা বেগম তাকে বেত দিয়ে হালকা শাসন করেন। এর জেরে দুপুরে শাশুড়ির ওপর চড়াও হন পুত্রবধূ জমিলা আক্তার। দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতির একপর্যায়ে প্রতিবেশী যুবক রাশেদসহ কয়েকজন নারী-পুরুষ তা থামাতে এগিয়ে আসেন। এ সময় ক্ষিপ্ত হয়ে জমিলা গাছের একটি ভারী টুকরো দিয়ে রাশেদকে সজোরে আঘাত করেন। এতে রাশেদ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

হামলার সময় ঝগড়া থামাতে যাওয়া ফরিদা বেগম ও রুফিয়া বেগম নামের আরও দুই প্রতিবেশী নারী আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত জমিলার স্বামী মো. আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। এই সুযোগে জমিলা প্রায়ই তাঁর শাশুড়িকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। স্বামী হত্যার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন নিহত রাশেদের স্ত্রী জিয়াসমিন আক্তার।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) সুমন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত জমিলা আক্তারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup